টাইব্রেকারের নাটকীয়তায় নেদারল্যান্ডসকে হারিয়ে শেষ ষোলোয় মরক্কো

লালসবুজ ডেস্ক

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ১২:৪০ পিএম

ছবি: সংগৃহীত

ফিফা বিশ্বকাপের বত্রিশ দলের পর্বে রোমাঞ্চকর এক লড়াই শেষে টাইব্রেকারে নেদারল্যান্ডসকে ৩-২ ব্যবধানে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে মরক্কো। নির্ধারিত সময় ১-১ গোলে শেষ হওয়ার পর অতিরিক্ত সময়েও কোনো দল জয়ের দেখা না পাওয়ায় ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় টাইব্রেকারে। সেখানে গোলরক্ষক ইয়াসিন বুনুর অসাধারণ নৈপুণ্যে জয় তুলে নেয় আফ্রিকার প্রতিনিধিরা।

মঙ্গলবার (৩০ জুন) বাংলাদেশ সময় সকাল ৭টায় কানাডার মন্টেরেই স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেললেও গোলের দেখা পায়নি। ফলে বিরতিতে যেতে হয় গোলশূন্য সমতায়।

বিরতির পরও দীর্ঘ সময় দুই দলের রক্ষণভাগ ছিল সতর্ক। তবে ৭২তম মিনিটে ভারব্রুগেনের দীর্ঘ গোলকিক থেকে ওয়াউট ভেগহর্স্টের হেড পেয়ে বল পান কোডি গাকপো। সুযোগটি কাজে লাগিয়ে মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনুকে পরাস্ত করে নেদারল্যান্ডসকে এগিয়ে দেন তিনি।

তবে শেষ মুহূর্তে নাটকীয়ভাবে ম্যাচে ফিরে আসে মরক্কো। যোগ করা সময়ের প্রথম মিনিটে বাম প্রান্ত থেকে আদাম তালবির বাড়ানো বল ইসা দিওপ শক্তিশালী হেডে জালে পাঠালে ১-১ সমতায় ফেরে মরক্কো। এরপর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

অতিরিক্ত ৩০ মিনিটেও কোনো দল গোল করতে না পারায় ফল নির্ধারণে হয় টাইব্রেকার। স্নায়ুচাপের লড়াইয়ে দুই দলই কয়েকটি সুযোগ নষ্ট করে। শেষ পর্যন্ত নেদারল্যান্ডসের ক্রাইসেনসিও সামারভিলের নেওয়া শেষ শট দারুণ দক্ষতায় প্রতিহত করেন ইয়াসিন বুনু। তার সেই অবিশ্বাস্য রক্ষণেই ৩-২ ব্যবধানে টাইব্রেকার জিতে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করে মরক্কো।

আগামী শনিবার (৪ জুলাই) শেষ ষোলোর লড়াইয়ে স্বাগতিক কানাডার মুখোমুখি হবে মরক্কো। বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে ম্যাচটি।