বিশ্বকাপ থেকে বিদায়, তবু গ্যালারি পরিষ্কার করে প্রশংসায় ভাসছেন জাপানি সমর্থকরা
বিশ্বকাপের শেষ বত্রিশ পর্ব থেকে বিদায় নিলেও নিজেদের দীর্ঘদিনের পরিচ্ছন্নতার সংস্কৃতি ধরে রেখেছেন জাপানের সমর্থকেরা। ব্রাজিলের কাছে নাটকীয়ভাবে হারের পরও তারা স্টেডিয়ামের গ্যালারিতে ছড়িয়ে থাকা ময়লা-আবর্জনা নিজেরাই পরিষ্কার করে আবারও বিশ্বজুড়ে প্রশংসা কুড়িয়েছেন।
সোমবার (২৯ জুন) হিউস্টনের স্টেডিয়ামে ব্রাজিল ও জাপানের ম্যাচ শেষে হাতে নীল রঙের ব্যাগ নিয়ে গ্যালারির বিভিন্ন স্থানে পড়ে থাকা প্লাস্টিকের বোতল, কাগজসহ নানা ধরনের আবর্জনা সংগ্রহ করতে দেখা যায় জাপানি সমর্থকদের। খেলা চলাকালে দলকে উৎসাহ দিতে যে ব্যাগ ব্যবহার করেছিলেন, ম্যাচ শেষে সেটিই পরিচ্ছন্নতার কাজে কাজে লাগান তারা।
বিশ্বকাপে জাপানি সমর্থকদের এই উদ্যোগ নতুন নয়। ১৯৯৮ সালে ফ্রান্সে অনুষ্ঠিত বিশ্বকাপে প্রথম অংশ নেওয়ার পর থেকেই প্রতিটি ম্যাচ শেষে গ্যালারি পরিষ্কার করার ঐতিহ্য ধরে রেখেছেন তারা। প্রায় তিন দশক ধরে চলা এই সংস্কৃতি বিশ্বজুড়ে তাদের দায়িত্বশীলতা ও সচেতনতার অনন্য উদাহরণ হিসেবে প্রশংসিত হয়ে আসছে।
তবে মাঠের লড়াইয়ে শেষ পর্যন্ত জয় পেয়েছে ব্রাজিল। ম্যাচের ২৯তম মিনিটে কাইশু সানোর গোলে এগিয়ে যায় জাপান। দ্বিতীয়ার্ধে ক্যাসেমিরোর হেডে সমতায় ফেরে ব্রাজিল। এরপর যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে গ্যাব্রিয়েল মার্টিনেল্লির গোলে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
এই জয়ে বিশ্বকাপের শেষ ষোলোতে জায়গা নিশ্চিত করেছে ব্রাজিল। আগামী রোববার নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে আইভরি কোস্ট অথবা নরওয়ের বিপক্ষে মাঠে নামবে তারা।
যদিও নকআউট পর্বে এখনও জয়হীন জাপান, তবুও মাঠের ফলাফলের বাইরে দায়িত্বশীল আচরণ ও পরিচ্ছন্নতার দৃষ্টান্ত স্থাপন করে আবারও বিশ্ববাসীর হৃদয় জয় করেছেন দেশটির সমর্থকেরা।