নেতানিয়াহুকে মানসিকভাবে সুস্থ রাখতে মাঝে মাঝে কঠোর হতে হয়: ডোনাল্ড ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তার সম্পর্ক দৃঢ় ও ভালো। তবে তিনি মন্তব্য করেছেন, নেতানিয়াহুকে মানসিকভাবে স্থিতিশীল রাখতে মাঝে মাঝে কঠোর অবস্থান নিতে হয়।
শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের সাংবাদিক মার্ক কাপুটোর সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। নেতানিয়াহুর সঙ্গে সম্পর্ক কেমন—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তাদের সম্পর্ক ভালো এবং শক্তিশালী। তবে পরিস্থিতি সামাল দিতে গেলে কখনো কখনো কঠোর হতে হয়।
সম্প্রতি লেবাননে ইসরায়েলি সামরিক অভিযানকে কেন্দ্র করে দুই নেতার মধ্যে টানাপোড়েন তৈরি হয়েছে। গত ২ মার্চ থেকে লেবাননে অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এই অভিযান বন্ধের জন্য ট্রাম্প একাধিকবার আহ্বান জানালেও নেতানিয়াহু তাতে সাড়া দেননি বলে জানা গেছে। এমনকি কয়েকদিন আগে এ বিষয়ে তিনি নেতানিয়াহুকে কঠোর ভাষায় সতর্কও করেন।
এদিকে যুক্তরাষ্ট্র সম্প্রতি ইরানের সঙ্গে একটি সমঝোতা চুক্তি করেছে, যা ভবিষ্যতে স্থায়ী শান্তি চুক্তিতে রূপ দেওয়ার চেষ্টা চলছে। তবে ইরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, স্থায়ী শান্তির জন্য ইসরায়েলকে অবশ্যই লেবাননে হামলা বন্ধ করতে হবে।
ট্রাম্প আরও দাবি করেন, তিনি বিশ্বাস করেন লেবাননে যুদ্ধ বন্ধ করাতে পারবেন। তার ভাষায়, ইসরায়েলি নেতৃত্ব তাকে সম্মান করে এবং তিনি কোনো নির্দেশ দিলে তা মানা হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।