গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় আল জাজিরার ক্যামেরাম্যানের মৃত্যু

লালসবুজ ডেস্ক

প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৫:০০ পিএম

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার আরও এক ভিডিও সাংবাদিক নিহত হয়েছেন। শনিবার গাজার কেন্দ্রস্থলে অবস্থিত আল বুরেজ শরণার্থী শিবিরে একটি আবাসিক ভবন লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী ড্রোন হামলা চালায়।

আল জাজিরা এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। এতে বলা হয়, নিহত সংবাদকর্মীর নাম আহমেদ উইশাহ। তিনি প্রতিষ্ঠানটিতে ক্যামেরাম্যান হিসেবে কর্মরত ছিলেন।

প্রতিবেদনে আরও জানানো হয়, আল বুরেজ শরণার্থী শিবিরে ড্রোন থেকে এই হামলা চালানো হলে আহমেদ উইশাহ নিহত হন। এতে আরও বেশ কয়েকজন সাধারণ মানুষ আহত হয়েছেন।

এর আগে গত এপ্রিল মাসে নিহত সাংবাদিকের ভাই মোহাম্মদ উইশাহ গাড়িতে ভ্রমণের সময় ইসরায়েলি গোলার আঘাতে প্রাণ হারান।

এদিকে ফরাসি সংবাদ সংস্থা এএফপিকে দেওয়া এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনীর একজন মুখপাত্র দাবি করেন, আহমেদ উইশাহ হামাসের সদস্য ছিলেন এবং তাকে লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছে।

শনিবার গভীর রাতে ইসরায়েলি সেনাবাহিনী আরও দাবি করে, তিনি আল জাজিরার ফটোসাংবাদিক হিসেবে কাজ করার পাশাপাশি হামাসের সামরিক শাখার স্নাইপার কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন।

তবে এসব অভিযোগের পক্ষে কোনো নির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করা হয়নি।

আন্তর্জাতিক সাংবাদিক সুরক্ষা বিষয়ক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারসের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের সাত অক্টোবর গাজায় যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় দুই শতাধিক সাংবাদিক ও গণমাধ্যমকর্মী নিহত হয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক সাংবাদিক পেশাগত দায়িত্ব পালনকালে সরাসরি হামলার শিকার হন।