সমঝোতায় না পৌঁছালে হরমুজ প্রণালি দখলের হুমকি ট্রাম্পের

লালসবুজ ডেস্ক

প্রকাশ: ২২ জুন ২০২৬, ১০:২৫ এএম

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে নতুন করে বিস্ফোরক মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, ইরানের সঙ্গে আলোচনায় সমঝোতা না হলে হরমুজ প্রণালি নিয়ন্ত্রণে নেওয়ার পদক্ষেপ নিতে পারে যুক্তরাষ্ট্র।

দ্য গার্ডিয়ানের বরাত দিয়ে জানা যায়, এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, প্রয়োজনে যুক্তরাষ্ট্র এই গুরুত্বপূর্ণ জলপথ নিজের নিয়ন্ত্রণে নিতে পারে। একই সঙ্গে তিনি ইঙ্গিত দেন, ওই পথ দিয়ে চলাচলকারী জাহাজ থেকে শুল্ক বা টোল আদায়ও করা হতে পারে।

ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্র চাইলে এই প্রণালির রক্ষকের ভূমিকা নিতে পারে এবং এর বিনিময়ে জ্বালানি তেলের একটি অংশ দাবি করতে পারে।

এর আগে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, লেবাননে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এবং শান্তি প্রক্রিয়ার শর্ত বাস্তবায়নে ব্যর্থতার প্রতিবাদে হরমুজ প্রণালি বন্ধ করার হুমকি দিয়েছে তেহরান। এর পরপরই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কঠোর প্রতিক্রিয়া আসে।

ট্রাম্প আরও দাবি করেন, ইরান যদি কোনো চুক্তিতে না আসে, তবে তাদের অস্তিত্ব নিয়েই প্রশ্ন উঠতে পারে। পাশাপাশি সুইজারল্যান্ডে চলমান আলোচনায় থাকা ইরানি প্রতিনিধিদের উদ্দেশ্যেও কঠোর বার্তা দেন তিনি।

পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি লেবাননে সক্রিয় সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতি ইরানের সমর্থন বন্ধের আহ্বান জানান। অন্যথায় আরও কঠোর সামরিক পদক্ষেপের হুঁশিয়ারিও দেন তিনি।

এদিকে হরমুজ প্রণালি দখলের মতো বক্তব্যের আইনি বা বাস্তব ভিত্তি নিয়ে এখনো যুক্তরাষ্ট্র প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি।