সরকারি হাসপাতালে জন্ম নিলেই স্বর্ণের আংটি উপহার দেবেন বিজয় থালাপতি

লালসবুজ ডেস্ক

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ১১:৩৬ পিএম

ছবি: সংগৃহীত

ভারতের তামিলনাড়ু রাজ্যে সরকারি হাসপাতালে জন্ম নেওয়া প্রতিটি নবজাতককে এক গ্রাম ওজনের স্বর্ণের আংটি উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়। ‘থাই মামান স্বর্ণ আংটি কর্মসূচি’ নামে এই উদ্যোগকে রাজ্যের অন্যতম ব্যতিক্রমধর্মী জনকল্যাণমূলক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, তামিল সমাজে প্রচলিত ‘থাই মামান সির’ নামের একটি ঐতিহ্যবাহী রীতি থেকে অনুপ্রাণিত হয়ে এই কর্মসূচি চালু করা হচ্ছে। ওই রীতিতে নবজাতককে আশীর্বাদ ও উপহার দিয়ে থাকেন তার মামা। সেই সাংস্কৃতিক ঐতিহ্যকে গুরুত্ব দিয়েই নতুন এই উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

রাজ্য প্রশাসনের মতে, শিশুদের প্রতি ভালোবাসা, দায়িত্ববোধ ও সামাজিক বন্ধনের প্রতীক হিসেবেই এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

সরকার জানিয়েছে, মুখ্যমন্ত্রী বিজয়ের জন্মদিন ২২ জুন ২০২৬ থেকে সরকারি হাসপাতালে জন্ম নেওয়া সব শিশু এই সুবিধার আওতায় আসবে। তবে কর্মসূচিটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে আগামী ১৫ সেপ্টেম্বর, সাবেক মুখ্যমন্ত্রী সি এন আন্নাদুরাইয়ের জন্মবার্ষিকী উপলক্ষে।

এই কর্মসূচি বাস্তবায়নে বছরে ৭৫৫ কোটি ৮৩ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। নবজাতকদের পরিবারকে সহায়তা দেওয়ার পাশাপাশি তামিল সংস্কৃতির ঐতিহ্যকে আরও শক্তিশালী করাও এর অন্যতম উদ্দেশ্য বলে জানিয়েছে সরকার।

মুখ্যমন্ত্রী বিজয়ের রাজনৈতিক দল ‘তামিলাগা ভেট্রি কাজাঘাম’-এর নির্বাচনী অঙ্গীকারের মধ্যেই ছিল এ কর্মসূচি। ক্ষমতায় আসার পর সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগোচ্ছে দলটি।