আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও দাফনে অংশ নেবে ২ কোটি মানুষ
ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও দাফনকে কেন্দ্র করে দেশজুড়ে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। একই সঙ্গে প্রতিবেশী ইরাকেও পৃথক শোকানুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছে। ইরানের কর্মকর্তারা আশা করছেন, শেষকৃত্য ও দাফন অনুষ্ঠানে প্রায় দুই কোটি মানুষ অংশ নিতে পারেন।
দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, আগামী ৪ জুলাই রাজধানী তেহরান ও ধর্মীয় নগর কোমে শোকানুষ্ঠান শুরু হবে। পরে ৯ জুলাই উত্তর-পূর্বাঞ্চলের মাশহাদে, যা খামেনির জন্মস্থান, সেখানে তাকে দাফন করা হবে।
শেষকৃত্য অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুলিশ ও দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর সঙ্গে সমন্বয় করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
এদিকে ইরাকের কারবালার একটি শিয়া পবিত্র স্থানে পৃথক শোকানুষ্ঠানেরও পরিকল্পনা রয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।
উল্লেখ্য, ৮৬ বছর বয়সী আলি খামেনি গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে তার সরকারি বাসভবনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় নিহত হন। নিরাপত্তাজনিত কারণে তার দাফন কয়েক দফা পিছিয়ে দেওয়া হয়। কারণ, অনুষ্ঠানে ইরানের শীর্ষ রাজনৈতিক নেতৃত্বের অধিকাংশ সদস্যের উপস্থিত থাকার কথা রয়েছে।