রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক

লালসবুজ ডেস্ক

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ০২:২৫ পিএম

চলচ্চিত্র জগতের পরিচিত মুখ কোয়েল মল্লিক এবার রাজনীতিতে আনুষ্ঠানিকভাবে পা রাখলেন। ভারতের সংসদের উচ্চকক্ষ রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিয়েছেন তিনি।

সোমবার (৬ এপ্রিল) সংসদ ভবনে আয়োজিত শপথগ্রহণ অনুষ্ঠানে দায়িত্ব নেন কোয়েল। একই দিনে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, ওড়িশা ও মহারাষ্ট্র থেকে আরও ১৯ জন সদস্য শপথ নেন।

অনুষ্ঠানে কোয়েলের পাশে ছিলেন তার বাবা রঞ্জিত মল্লিক ও মা দীপা মল্লিক।

দুই দশকের বেশি সময়ের অভিনয় ক্যারিয়ারে কোয়েল মল্লিক নিজেকে বিতর্কের বাইরে রেখে জনপ্রিয়তা অর্জন করেছেন। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিত্ব ও সংযত উপস্থিতির জন্যও তিনি সুপরিচিত।

রাজনীতিতে তার আগ্রহ নতুন নয়। মমতা বন্দ্যোপাধ্যায়-এর সঙ্গে তার পরিবারের দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে। সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এক সফরের পর থেকেই কোয়েলের রাজনীতিতে আসা নিয়ে জোর আলোচনা শুরু হয়।

যদিও সরাসরি নির্বাচনী রাজনীতিতে অংশ নেননি, রাজ্যসভার মাধ্যমে জাতীয় রাজনীতিতে তার অভিষেক ঘটল।

ব্যক্তিগত জীবনে কোয়েল মল্লিকের স্বামী প্রযোজক নিসপাল সিং রানে। ২০২১ সালের উপনির্বাচনে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবক হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। কোয়েল-নিসপাল দম্পতির রয়েছে দুই সন্তান।