আদালতে ন্যায়বিচার চাইলেন যাহের আলভী

লালসবুজ ডেস্ক

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৯:৫১ পিএম

ছবি: সংগৃহীত

স্ত্রী আফরা ইভনাথ ইকরার আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায় অভিনেতা যাহের আলভী ওরফে নিয়ামত উল্লাহ ভূঁইয়ার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার ঢাকার মহানগর হাকিম আলবিরুনী মীর এ আদেশ দেন। একই সঙ্গে তার জামিন আবেদনও খারিজ করা হয়।

আদালত সূত্রে জানা গেছে, কারাগার থেকে যাহের আলভীকে আদালতে হাজির করা হলে মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা বিভাগের মিরপুর অঞ্চলের পরিদর্শক আব্দুল মালেক ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

শুনানিকালে যাহের আলভী বলেন, তারা ভালোবেসে বিয়ে করেছিলেন এবং আত্মহত্যার মতো কোনো ঘটনা ঘটেনি। তিনি দাবি করেন, তার সন্তান ইতোমধ্যে মাকে হারিয়েছে, এখন বাবাকেও প্রয়োজন। একই সঙ্গে তিনি আদালতের কাছে ন্যায়বিচার প্রত্যাশা করেন।

মামলার বিবরণে জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুর প্রতিরক্ষা আবাসিক এলাকার একটি বাসা থেকে আফরা ইভনাথ ইকরার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই রাতেই ইকরার বাবা কবির হায়াত খান পল্লবী থানায় মামলা দায়ের করেন।

মামলায় অভিযোগ করা হয়, দীর্ঘদিন ধরে চলা পারিবারিক কলহ ও নির্যাতনের কারণে ইকরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন।

উল্লেখ্য, যাহের আলভী ও আফরা ইভনাথ ইকরা ২০১০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের একটি পুত্রসন্তান রয়েছে।