দক্ষিণী তারকা আল্লু অর্জুনকে আদালতের তলব
দক্ষিণী তারকা আল্লু অর্জুনকে আগামী সোমবার সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ২০২৪ সালের ডিসেম্বরে তার অভিনীত ‘পুষ্পা টু: দ্য রুল’ ছবির বিশেষ প্রদর্শনীতে হুড়োহুড়ির ঘটনায় এক নারীর মৃত্যুর মামলায় এই নির্দেশ দিয়েছে ভারতের হায়দরাবাদের একটি আদালত।
সম্প্রতি ওই ঘটনায় পুলিশের তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়া হয়েছে। তদন্তে বলা হয়েছে, আল্লু অর্জুনের আগমন সম্পর্কে আগে থেকেই জানার পরও প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষ দর্শকদের নিয়ন্ত্রণে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেনি।
পুলিশের জমা দেওয়া অভিযোগপত্রে আল্লু অর্জুন, তার ব্যক্তিগত ব্যবস্থাপক, কর্মী, আটজন দেহরক্ষী এবং প্রেক্ষাগৃহের মালিকসহ মোট ২০ জনকে অভিযুক্ত করা হয়েছে। অভিযোগপত্রের ভিত্তিতে আদালত সংশ্লিষ্ট সবাইকে তলব করেছে। আগামী সপ্তাহ থেকে মামলার আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।
এর আগে ২০২৪ সালের ১৩ ডিসেম্বর এই ঘটনার জেরে আল্লু অর্জুনকে গ্রেপ্তার করা হয়েছিল। তবে একই দিন তেলেঙ্গানা উচ্চ আদালত তাকে জামিন দেন। যদিও আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে এক রাত পুলিশ হেফাজতে থাকতে হয়েছিল।
প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ ডিসেম্বর বিশ্বজুড়ে মুক্তি পায় বহুল আলোচিত ছবি ‘পুষ্পা টু: দ্য রুল’। এর এক দিন আগে হায়দরাবাদের সন্ধ্যা প্রেক্ষাগৃহে ছবিটির বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রিয় তারকাকে দেখতে সেখানে হাজারো ভক্তের সমাগম ঘটে। একপর্যায়ে অতিরিক্ত ভিড়ের কারণে হুড়োহুড়ি শুরু হলে রেবতী নামে এক নারী পদদলিত হয়ে মারা যান। এ ঘটনায় তার ৯ বছর বয়সী ছেলে তেজ গুরুতর আহত হয় এবং দীর্ঘ সময় হাসপাতালে চিকিৎসাধীন ছিল।