তারেক রহমানের শপথে আসছেন ভারতের স্পিকার ও পররাষ্ট্র সচিব
বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথগ্রহণ অনুষ্ঠানে ভারতের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল অংশ নিতে যাচ্ছে। ভারতীয় হাইকমিশন সূত্র নিশ্চিত করেছে যে, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিতব্য এই বিশেষ রাষ্ট্রীয় অনুষ্ঠানে ভারতের প্রতিনিধি হিসেবে লোকসভার স্পিকার ওম বিড়লা এবং পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি উপস্থিত থাকবেন।
কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, শনিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে পাঠানো আমন্ত্রণপত্র গ্রহণ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে একই সময়ে দিল্লিতে পূর্বনির্ধারিত ‘এআই ইমপ্যাক্ট সামিট’ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এই সামিটে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁসহ বিশ্বের প্রায় ২০ জন রাষ্ট্রপ্রধান অংশ নিচ্ছেন। নিজ দেশে এমন বড় আয়োজনের কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে সশরীরে উপস্থিত হতে না পারলেও লোকসভার স্পিকার ও পররাষ্ট্র সচিবকে পাঠানোর মাধ্যমে ঢাকার নতুন সরকারের প্রতি দিল্লির ইতিবাচক বার্তার প্রতিফলন ঘটাচ্ছেন।
তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এককভাবে সরকার গঠন করতে যাওয়ায় দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে এটিকে একটি নতুন অধ্যায় হিসেবে দেখছেন বিশ্লেষকরা। বিশেষ করে ওম বিড়লার মতো একজন শীর্ষ সাংবিধানিক পদধারী ব্যক্তির অংশগ্রহণ দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্বকেই তুলে ধরে। শপথে অংশ নেওয়ার পাশাপাশি ভারতীয় প্রতিনিধি দলটি নতুন সরকারের নীতিনির্ধারকদের সঙ্গে সৌজন্য সাক্ষাতেও মিলিত হতে পারেন বলে জানা গেছে।