মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের শপথ, বিকেলে মন্ত্রিসভার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়ী হয়ে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে শপথ নিতে যাচ্ছে নবনির্বাচিত সরকার।
ওইদিন সকালে সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের শপথ অনুষ্ঠিত হবে। এছাড়া বিকেলে শপথ নেবেন মন্ত্রিসভার সদস্যর। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এমনটা জানিয়েছেন নতুন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি।
তিনি জানান, মঙ্গলবার সকালে দুই দফায় শপথ হবে। একটি হলো সংসদ সদস্যদের শপথ এবং পরবর্তীতে সংবিধান সংস্কার পরিষদের জন্য শপথ অনুষ্ঠিত হবে। এছাড়া বিকেলে মন্ত্রিসভার শপথ হবে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মন্ত্রিসভার সদস্যদের জন্য গাড়ি ও দেহরক্ষী থাকে। পাশাপাশি তার বাসস্থানের ব্যবস্থা করতে হয়, সুরক্ষার ব্যবস্থা করতে হয়, তার অফিসকে এলার্ট করতে হয়, অফিসার-কর্মচারী নিয়োগের ব্যবস্থা করতে হয়। এসব প্রস্তুত করা হয়েছে।
স্বরাষ্ট্র সচিব থেকে মন্ত্রিসচিব পদে নিয়োগ পাওয়া প্রসঙ্গে তিনি বলেন, দেশের একটি যুগসন্ধিক্ষণে বিশাল দায়িত্ব পড়েছে। আমি আমার সাধ্যমতো এটির ভার মেটানোর চেষ্টা করব। আগে যেভাবে দায়িত্ব পালন করেছি, সেভাবেই কাজ করব।