ভারতে প্রবেশ না করেই দেশে ফেরা নিয়ে মুখ খুললেন তথ্য উপদেষ্টা

লালসবুজ ডেস্ক

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০১:৩৮ পিএম

ছবি: সংগৃহীত

দিল্লি বিমানবন্দরে দীর্ঘ সময় অপেক্ষায় রাখার ঘটনাকে অপমানজনক উল্লেখ করে ভারতে প্রবেশ না করেই দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন প্রধান উপদেষ্টার তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি জানিয়েছেন, সরকারের প্রতিনিধি হিসেবে সফরে গিয়ে এমন আচরণের মুখোমুখি হওয়ায় তাৎক্ষণিক প্রতিবাদ জানানো প্রয়োজন ছিল।

মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, তিনি ব্যক্তিগতভাবে নয়, সরকারের প্রতিনিধি হিসেবে ভারতে গিয়েছিলেন। সে কারণে তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিরুদ্ধে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখানো প্রয়োজন বলে মনে করেছেন। তিনি জানান, পরবর্তীতে ভারতীয় কর্তৃপক্ষ তাকে প্রবেশের অনুমতি দেওয়ার চেষ্টা করলেও তিনি সেই সুযোগ গ্রহণ করেননি। রাষ্ট্র ও সরকারের অবস্থান স্পষ্ট করতেই তিনি ফিরে আসার সিদ্ধান্ত নেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রোববার দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর ডা. জাহেদ উর রহমানকে প্রায় আড়াই ঘণ্টা অপেক্ষা করতে হয়। তিনি ভারত মহাসাগরীয় আঞ্চলিক সহযোগিতা জোটের জ্যেষ্ঠ কর্মকর্তাদের দুই দিনের বৈঠকে অংশ নিতে সেখানে গিয়েছিলেন।

সূত্র আরও জানায়, বিমানবন্দরে পৌঁছানোর পর প্রথমে তাকে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। যদিও তার সফরের বিষয়টি দুই দিন আগেই বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছিল। পরে উচ্চপর্যায়ের নির্দেশে প্রবেশের অনুমতি মিললেও অপমানের প্রতিবাদ হিসেবে তিনি তা প্রত্যাখ্যান করেন এবং তাৎক্ষণিক ফিরতি উড়োজাহাজে ঢাকায় ফিরে আসেন।