অনেক দিন পর দেশে মুক্তভাবে কথা বলার সুযোগ তৈরি হয়েছে: রিজভী

লালসবুজ ডেস্ক

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ১০:১৬ পিএম

ছবি: সংগৃহীত

দীর্ঘদিন পর দেশে মুক্ত পরিবেশে সবাই নির্বিঘ্নে নিজেদের মতামত প্রকাশ করতে পারছেন বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার (৩ জুলাই) রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, কৃত্রিমভাবে বিভাজন সৃষ্টি করা সম্ভব হলেও বাংলাদেশের মানুষ সব সময় ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করতে অভ্যস্ত। তাই এ জাতিকে কখনো বিভক্ত করা যাবে না।

তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে ফ্যাসিবাদের বিরুদ্ধে দেশের সব শ্রেণি-পেশা ও সব ধর্মের মানুষ একসঙ্গে আন্দোলন করেছেন। জুলাইয়ের গণ-আন্দোলনে শুধু মুসলমান নয়, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষও গুলিবিদ্ধ হয়েছেন এবং রক্ত দিয়েছেন। তাই দেশ গঠনের কাজেও সবাইকে একযোগে এগিয়ে আসতে হবে।

বর্তমান দেশের সার্বিক পরিস্থিতির কথা তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং জবাবদিহিমূলক সরকার নিশ্চিত করার সুযোগ সৃষ্টি হয়েছে। একই সঙ্গে তিনি বলেন, সরকারপ্রধান জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

আলোচনা সভায় ঢাকা মহানগর বিএনপি এবং হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।