হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করল ওমান

লালসবুজ ডেস্ক

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৯:২২ পিএম

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক নৌচলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজগুলোর জন্য একটি অস্থায়ী সামুদ্রিক করিডোর বা নৌপথ চালুর ঘোষণা দিয়েছে ওমান। দেশটি জানিয়েছে, বৈশ্বিক বাণিজ্য ও অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ এই জলপথে নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল বজায় রাখতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নতুন এই ব্যবস্থা কার্যকর করা হয়েছে। ওমানের মতে, হরমুজ প্রণালির প্রতি তাদের দায়িত্ববোধ এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী নৌচলাচলের স্বাধীনতা রক্ষার অঙ্গীকার থেকেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এ করিডোর ব্যবহারের জন্য কোনো ধরনের চলাচল ফি নেওয়া হবে না বলেও নিশ্চিত করেছে দেশটি।

ওমান আরও জানিয়েছে, হরমুজ প্রণালির ভবিষ্যৎ নৌচলাচল ব্যবস্থাপনা নিয়ে ইরানের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে। এ লক্ষ্যে দুই দেশ যৌথভাবে একটি কর্মপরিষদ গঠনের ঘোষণা দিয়েছে। এই পরিষদ প্রণালিতে নৌচলাচল ব্যবস্থাপনা, সামুদ্রিক সেবা এবং সংশ্লিষ্ট ব্যয় নির্ধারণের বিষয়গুলো নিয়ে কাজ করবে।

ইসলামাবাদ সমঝোতা স্মারকের ধারা অনুযায়ী, হরমুজ প্রণালির ভবিষ্যৎ প্রশাসন ও সামুদ্রিক সেবা সংক্রান্ত বিষয়ে ওমানের সঙ্গে আলোচনা করবে ইরান। একই সঙ্গে সমঝোতা অনুযায়ী, উপসাগরীয় অঞ্চল ও ওমান উপসাগরের মধ্যে বাণিজ্যিক জাহাজের নিরাপদ ও টোলমুক্ত চলাচল নিশ্চিত করতে আগামী ৬০ দিন সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে তেহরান। এর ফলে বাণিজ্যিক নৌপরিবহনও পুনরায় স্বাভাবিকভাবে চালু হওয়ার পথ তৈরি হবে।

উল্লেখ্য, গত ১৪ জুন পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্র ১৪ দফা সমঝোতায় পৌঁছানোর ঘোষণা দেয়। যুদ্ধ পরিস্থিতির অবসান এবং বিভিন্ন অমীমাংসিত ইস্যুর শান্তিপূর্ণ সমাধান নিশ্চিত করতেই এ সমঝোতা হয়েছে বলে জানানো হয়।