কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত
কাতারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশিসহ ছয়জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শনিবার সকালে দেশটির শাহানিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাংলাদেশিরা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।
জানা গেছে, তারা একটি পণ্যবাহী যানযোগে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে যানটি নিয়ন্ত্রণ হারালে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। নিহত অপর ব্যক্তি ভারতের নাগরিক।
দুর্ঘটনায় নিহতদের মরদেহ স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এদিকে, নিহত বাংলাদেশিদের মরদেহ দ্রুত দেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
কাতারে জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আহমেদ মালেক জানান, বাংলাদেশ দূতাবাসের সঙ্গে সমন্বয় করে পাঁচ প্রবাসীর মরদেহ দ্রুত দেশে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।